জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

মিরসরাইয়ে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রভাষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ৬:২০ অপরাহ্ন

প্রভাষক সালাহ উদ্দীন

মিরসরাই প্রতিনিধি | আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০৬:০৯ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সালাহ উদ্দীন নামে এক প্রভাষককে প্রাণনাশের হুমকি দিয়েছে খায়রুল বাশার ফারুক নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী সালাহ উদ্দীন জীবনের নিরাপত্তা চেয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৬১) করেন।

ভুক্তভোগী সালাহ উদ্দীন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া গ্রামের আলা উদ্দীনের পুত্র।

সালাহ উদ্দীন বলেন, ‘আমার বাড়ির জমি নিয়ে মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া গ্রামের আবু বকর সিদ্দীকির ছেলে আবু সুফিয়ান, আবু আহমদ এবং আবু আহমদের স্ত্রী শামীমা আক্তার সাথীর সাথে বিরোধ রয়েছে। তারা আইনীভাবে আমার সাথে মোকাবেলা না করে খায়রুল বাশার ফারুককে ভাড়া করে আমার প্রাণনাশের চক্রান্ত করছে।’

তিনি বলেন, ‘সর্বশেষ গত ২ সেপ্টেম্বর রাতে ফারুক তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে আমাকে মেরে হাড্ডি ভেঙ্গে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় আমি অত্যন্ত শঙ্কিত এবং এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এবিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার ফারুকের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

প্রভাষক সালাহ উদ্দীনের লিখিত অভিযোগ সম্পর্কে মিরসরাই থানার (উপ-পরিদর্শক) রাজীব পোদ্দার বলেন, ‘সালাহ উদ্দীনের লিখিত অভিযোগ পেয়েছি। কোর্টের অনুমতি স্বাপেক্ষে বিষয়টি তদন্ত করবো।’

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post