দেশে প্রথমবার

বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে কোতোয়ালী থানা

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ৫:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০৫:৫০ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো থানার মাধ্যমে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পেতে যাচ্ছে কোতোয়ালীবাসী। টাকা পয়সা ছাড়াই ফোন কলেই হাজির হবে অ্যাম্বুলেন্স এবং পৌঁছে দেবে হাসপাতালে- ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ নামে এমনই এক সেবার উদ্যোগ গ্রহণ করেছে সিএমপির কোতোয়ালী থানা।

শনিবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ নামের এই সেবা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

অনুষ্ঠানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন,  ‘জন্ম থেকে বড় হয়ে উঠার সঙ্গে সঙ্গে পুলিশ সম্পর্কে নেতিবাচক যে ধারণা তৈরি হয়েই আছে, এই ধারণা কিছুমাত্র কমানোর চিন্তা থেকে করোনাকালে আমাদের মানবিক কার্যক্রম। আমরা করোনাকালকে বেঁচে নিয়েছিলাম, এই দূরত্ব কমানোর একটা সুযোগ হিসেবে।’

পুলিশ কমিশনার বলেন, ‘কাজ করতে গিয়ে সিএমপিসহ সারাদেশে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, আমিও আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা বেশিরভাগ সদস্যই সুস্থ হয়েছি। নগরবাসীও অনেকেই আক্রান্ত হয়েছেন। প্রথমদিকে যে অব্যবস্থাপনা ছিল সার্বিকভাবে সরকারের নজরে আসার পর একটি সুষ্টু ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যাগুলো অনেকাংশে লাঘব হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের ভালো কাজের মাধ্যমে পুলিশ সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা- তা যদি দূর হয়ে যায়- একজন অফিসার হিসেবে সেটাই আমার প্রাপ্য, আমার কাম্য।’

‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সেবা সম্পর্কে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা। ০১৭৬৯৬৯৫৬৬৫, ০৩১৬১৯৯২২ নম্বরে ফোন করলে অ্যাম্বুলেন্স বাসায় পৌঁছে যাবে। হাসপাতালে পৌঁছে দেবে বিনামূল্যে।’

তিনি বলেন, ‘আপাতত কোতোয়ালী থানা এলাকাতেই পাওয়া যাবে এই সেবা। করোনাজয়ী এক মা কোতোয়ালী থানা এলাকার মানুষের জন্য এই উপহার দিয়েছেন।’

‘হ্যালো অ্যাম্বুলেন্স’ ও গেইট উদ্বোধনের পাশাপাশি পুলিশ কমিশনারের করোনা জয় এবং বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করে কোতোয়ালী থানা। এছাড়া পুলিশের কার্যক্রমে সহযোগিতার জন্য অনিতা চৌধুরী এবং প্রকৌশলী প্রণব মিত্র কেও সংবর্ধিত করা হয়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post