বাঁশখালীর সাংসদকে আ.লীগ থেকে বহিষ্কারের দাবি

আপডেট: ২৫ অগাস্ট ২০২০ ৭:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ আগস্ট, ২০২০ মঙ্গলবার ০৬:৩০ পিএম

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধনে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের হামলার প্রতিবাদে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তার কুশপুত্তলিকা দাহ করে নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে রক্ত দিয়েছেন মৌলভী সৈয়দ। আজ তার পরিবারের ওপর হামলা করছে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম।

হঠাৎ তার পেটোয়া বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর হামলা করেছে। আমি এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এই ঘৃণ্য কাজের নির্দেশদাতা হিসেবে তার সংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাচ্ছি।

সমাবেশে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফফর আহমদ বলেন, প্রেস ক্লাবের মতো একটা জায়গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনা অকল্পনীয়। একজন এমপির কিভাবে সাহস হয় মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা করার? মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, তার সংসদ সদস্য পদ বাতিল করে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমার বাবা মরহুম জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর সঙ্গে সারাদেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত না করতো আপনারা আজ এমপি হতে পারতেন না। একইভাবে বাঁশখালীতে মৌলভী সৈয়দ আহমদ এবং সুলতানুল কবির চৌধুরীরা আওয়ামী আওয়ামী লীগকে শক্ত ভিত্তি না দিলে আপনি মোস্তাফিজ আজকে এমপি হতে পারতেন না। আজকে সুলতানুল কবির চৌধুরী নাই বলে আপনি জননেতা বনে গেছেন। মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার জবাব আপনাকে দিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) আবদুর রাজ্জাক, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মৌলভী সৈয়দের ভাতিজা জয়নাল আবেদিন, বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফয়সাল জামিল চৌধরী সাকি।

সমাবেশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহনগর ও জেলার, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা, যুবলীগ, মহসিন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এবং ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post