ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ আগস্ট, ২০২০ বৃহস্পতিবার ০৬:৫০ পিএম
চট্টগ্রামের বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি জেটিতে জাহাজের ধাক্কায় অত্যাধুনিক হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ভেঙে গেছে। তবে কতটা এবং কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বহির্নোঙর থেকে ‘মাউন্ট ক্যামেরন’ জাহাজটি এনসিটি-৫ জেটিতে আনার সময় এনসিটি-২ এর সামনে টার্ন নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফলে ওই ক্রেন দিয়ে কনটেইনার হ্যান্ডলিং বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘জাহাজের ধাক্কায় বন্দরের এনসিটিতে ৮ নম্বর কি গ্যান্ট্রি ক্রেনটি সামনের অংশ ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কতটা এবং কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে বন্দরের প্রকৌশলী টিম কাজ করছে।’
বন্দর চেয়ারম্যান মহোদয়, মেম্বারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বন্দর ডক মাস্টারকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাদের প্রতিবেদনের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
