নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুলাই, ২০২০ বুধবার ১০:০০ পিএম
করোনা পরীক্ষার জন্য নেই কোন মেশিন, নেই কোন ল্যাব টেকনিশিয়ান। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের অনুমোদনও নেই এ ডায়াগনস্টিক সেন্টারের। তবুও টেস্ট ছাড়াই ভুয়া রিপোর্ট দিত চট্টগ্রামের ‘নিউ শেভরন’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টার।— এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পেয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ শেভরন’ নামে ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে এবং মালিককে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক বলেন, ‘প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আবু নঈম। সেখানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষা করা হচ্ছে জানতে পেরে অভিযান চালানো হয়। এসময় সেখানে কএওনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কোন মেশিন পাওয়া যায়নি।’
‘তাঁরা করোনা পরীক্ষার কথা বলে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে টেস্ট ছাড়াই মনগড়া পজিটিভ না নেগেটিভ রিপোর্ট দিয়ে দেয়। যার ফলে আগে থেকেই তাঁদের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তারের সই নিয়ে রাখে। এর ফলে রোগীরাও মনে করেন রিপোর্টটি সঠিক।’— যোগ করেন এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘নিউ শেভরন’ নামক ডায়াগনস্টিক সেন্টারটিকে স্বাস্থ্য অধিদফতর করোনা পরীক্ষার জন্য অনুমোদন দেয়নি। অভিযানের সময় সেখানে কোন ল্যাব টেকনিশিয়ানও ছিল না।
সিটিজিসান ডটকম/আরএ
Print This Post
