নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ জুলাই, ২০২০ বুধবার ০৩:৩০ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমিত হয়ে চট্টগ্রামের ১৪ জন সহ নতুন করে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই হাজার ১৯৭ জনে।
একই সঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৮৯ জন। সেখানেও সব মিলিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে।
বুধবার (৮ জুলাই) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মৃতদের মধ্যে রয়েছে— ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ১৪, রাজশাহী বিভাগের ৩, খুলনা বিভাগের ৯, রংপুর বিভাগের ১, সিলেট বিভাগের ৪ এবং বরিশাল বিভাগের ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।
অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় দেশে ৭৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৮৯ হাজার ১৫২টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৯২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩৩ হাজার ১৪৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৫৬ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
