লোহাগাড়ায় চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক ধরা

আপডেট: ৩ জুলাই ২০২০ ১২:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৩ জুলাই, ২০২০ শুক্রবার ১২:২৯ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো. সেলিম উদ্দিন (৪৫) ওরফে বাটোয়ার সেলিম নামে এক কথিত সাংবাদিককে চাঁদাবাজি করার সময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  সে সাংবাদিক পরিচয়ে থ্রী স্টার অটো পার্টস নামের একটি দোকানে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় এ ঘটনা ঘটে।

সেলিম উদ্দিন আমিরাবাদ মল্লিক ছোবহান বেপারী পাড়ার আলী আহমদের পুত্র। তিনি নিজেকে বাংলা টাইমস নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিতেন। এলাকায় বেশ দাপটের সঙ্গে চলাচল ছিল তার।

ভুক্তভোগী থ্রী স্টার অটো পার্টসের মালিক মো. জিয়া উদ্দিন জানান, ‘বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় তার মালিকানাধীন থ্রী স্টার অটো পার্টস দোকান থেকে কোন কারণ ছাড়াই ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তার সঙ্গে তর্কাতর্কি শুরু করে কথিত সাংবাদিক সেলিম উদ্দিন।

তার অযাচিত এমন আচরণে এসময় দোকানের আশ-পাশের ব্যবসায়ীসহ অনেক লোক জড়ো হলে সেলিম দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে উত্তেজিত ব্যবসায়ীরা গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।’

পাঁচ ঘণ্টা থানা হাজতে থাকার পর রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেয়া হয়।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, জিয়া উদ্দিন নামের এক ব্যবসায়ীর মৌখিকভাবে চাঁদা দাবির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে সেলিম নামের ওই প্রতারককে থানায় নিয়ে আসা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন নামের কোনও সাংবাদিককে তিনি চিনেন না। আর এ নামের কেউ লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্য নেই। সেলিম নামের এক প্রতারকের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিষয়টি তিনি শুনেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post