চট্টগ্রামের তিন কর্মকর্তা পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার

আপডেট: ২ জুলাই ২০২০ ৮:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০২ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০৮:০১ পিএম

চট্টগ্রামের তিন কর্মকর্তা পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার। কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

পুরস্কৃত তিনজন হলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ রুহুল আমীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসন চট্টগ্রামের জেলা নাজির মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘করোনার এমন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সকল সহকর্মী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যখন যেখানে প্রয়োজন হচ্ছে ছুঁটে যাচ্ছেন। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। সবাই দিনরাত কঠোর পরিশ্রম করছেন। এজন্য জেলা প্রশাসনের সকল সহকর্মীরাই এ পুরস্কার পাওয়ার যোগ্য।’

পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘সততা, স্বচ্ছতা আর জবাবদিহিতা নিয়ে সারাজীবন মানুষের জন্য কাজ করে যেতে যাই। একজীবনে মানুষের দোয়ার চেয়ে বড় অর্জন আর হতে পারেনা। নিঃসন্দেহে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অনেক বড় পাওয়া। আগামীর পথকে পাড়ি দিতে এই পুরস্কার ভূমিকা রাখবে।’

জেলা নাজির মো. জামাল উদ্দিন বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় আমি আনন্দিত। এই পুরস্কার আগামীতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে সাহস জুগাবে। এমন পুরস্কারের জন্য জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post