নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ জুন, ২০২০ সোমবার ১০:১৩ এএম
অপ্রয়োজনে পরীক্ষা ও অপব্যবহার ঠেকানোর পাশাপাশি খরচ কমাতে করোনাভাইরাসে বিনামূল্যে নমুনা পরীক্ষা বন্ধ করতে যাচ্ছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা পরীক্ষার ফি নির্ধারণ করছে। সরকারি হাসপাতাল ও বুথে গিয়ে নমুনা পরীক্ষা করালে ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে ৫০০ টাকা ফি দিতে হবে বলে রোববার দেশের একটি প্রথম সারির গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফি নির্ধারণ করে দিলে অনেক মানুষ পরীক্ষার আওতার বাইরে থেকে যাবে। সেখানে সংক্রমণের হার বেড়ে যাবে।
১১৩ তম দিন পর্যন্ত দেশে ৭ লাখের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। সেখানে সিংহভাগই করা হয়েছে বিনামূল্যে। বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার জন্য সাড়ে ৩ হাজার টাকা ফি বেঁধে দেয়া হয়।
তবে, নাগরিকরা মনে করেন, মহামারির চিকিৎসা খরচ সরকারেরই বহন করা উচিত।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করলে অনেকে পরীক্ষার আওতার বাইরে থেকে যাবেন। এতে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যাবে।’
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারিতে বিনামূল্যে করোনাভাইরাসের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা শুরু করে সরকার।
২৬ জুন পর্যন্ত দেশে মোট ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন ৬৮টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ল্যাবে পরীক্ষা করানো হচ্ছে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
