নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ জুন, ২০২০ শনিবার ১০:৩১ এএম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে যুবলীগ নেতা মোসাদ্দেকুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটায় রূপকানিয়া ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়ার গাজীর পাড়া কুতুবুর দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বারদোনা ৭ নম্বর ওয়ার্ড আদর্শপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোবারক।
স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে মোসাদ্দেক ও তাঁর ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েকজন মিলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ইয়াবা ডন সোহেলের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মোসাদ্দেকের মৃত্যু হয়।
মোসাদ্দেকুর রহমান বারদোনা এলাকার মাহবুবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বারদোনা এলাকায় সামাজিক সংগঠনের ব্যানারে মাদক বিরোধী কার্যক্রম করে আসছিলেন।
তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. আমিনুল ইসলামের অনুসারী।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
