নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ জুন, ২০২০ ০৬:২৯ পিএম
চট্টগ্রামে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর মৃতদের বেশিরভাগই মারা যাছেন বিনা চিকিৎসায়। এমন পরিস্থিতে চট্টগ্রামের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে তিন ভাই নিয়েছে ‘করোনা হাসপাতাল’ গড়ার উদ্যোগ।
চট্টগ্রামের ফটিকছড়ির প্রখ্যাত আলেম আল্লামা জমির উদ্দিন নানুপুরীর তিন সন্তান মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন এবং মাওলানা ফরিদ উদ্দিনের উদ্যোগে হালিশহরের বি-ব্লক ফাইল্লাতলী বাজারের পাশে ফুল চৌধুরীপাড়ায় তৈরি হতে যাওয়া এ হাসপাতালের নামকরণ করা হয়েছে ‘আল মানাহিল নার্চার হাসপাতাল’।
জানা গেছে, হাসপাতালটিতে ৭০টি শয্যা সংখ্যার পাশাপাশি রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে স্থাপন করা করা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। তাছাড়াও থাকবে হাই ফ্লো ন্যাসাল কনোলা।
আল মানাহিল নার্চার হাসপাতালের পরিচালক মাওলানা হেলাল উদ্দিন বলেন, ‘স্থানীয় বাসিন্দা নাসরিন আক্তার তার মালিকানাধীন ভবনটি আল মানাহিল ফাউন্ডেশনকে দান করেছেন। আমরাও চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার।’
তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার যন্ত্রপাতি স্থাপন কাজ প্রায় শেষ পর্যায়ে। করোনা রোগীদের চিকিৎসায় ইতোমধ্যে ১২ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছি।’
প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় আক্রান্ত কিংবা করোনা সন্দেহে মৃত ব্যক্তিদের দাফন সৎকারে শুরু থেকেই কাজ কয়রে আসছে আল মানাহিল ফাউন্ডেশন। এ পর্যন্ত ৪৫ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে করোনা উপসর্গ ও করোনায় মৃত প্রায় দুই শতাধিক মরদেহ দাফন করেছে প্রতিষ্ঠানটি।
সিটিজিসান ডটকম/আরএইচ
চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের গ্রাহক।
Print This Post
