নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ জুন, ২০২০ বৃহস্পতিবার ১০:০০ এএম
আগামী ১ মাস পর আসন্ন পবিত্র ঈদুল আযহা। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম নগরের অস্থায়ী পশুরহাট বসানো সিদ্ধান্ত নেয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সাম্প্রতিক সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ও সেখানে রাস্তায় টিনের ঘেরাও হওয়ায় যানজট সহ নানা ভোগান্তির কথা উল্লেখ করে চট্টগ্রামের ৩টি স্থানে পশুরহাট বসানোর ব্যাপারে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে এবার কোরবানি পশুহাট বসানো নিয়ে অনেকটা অনিশ্চিত দেখা দিয়েছে বন্দর-পতেঙ্গায় এলাকায়।
আপত্তি থাকা ৩টি পশুরহাট হলো— চট্টগ্রামের পতেঙ্গা থানার স্টিলমিল বাজার, পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ (কাটগড়মোড়) ও বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকা (বড়পোল)।
এদিকে সিএমপির চিঠির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
সিএমপির চিঠিতে যা উল্লেখ করা হয়— স্টিলমিল বাজারটি বসে মূল সড়কের উপরে ও পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে বাজার বসার কথা থাকলে সেখানে জায়গা সংকুলান না হওয়ায় বরাবরের মতো পশুরহাট মূল সড়কে চলে আসে।
স্টিল মিল ও কাটগড় এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। উন্নয়ন কাজের কারণে সড়কের অর্ধেক অংশ টিন দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে। বাকি অংশ দিয়ে যানবাহন চলাচল করে। যদি এখানে পশুরহাট বসানো হয় তাহলে যানবাহন চলাচলের কোনো রাস্তা সচল থাকবে না। এতে যানজটের সৃষ্টি হবে।
এছাড়া নিউমুরিং আবাসিক এলাকায় (বড়পোল) যে মাঠ রয়েছে তাতে কোরবানির পশুরহাট বসানোর জন্য পর্যাপ্ত জায়গা নেই। মাঠের এক তৃতীয়াংশ জায়গায় রয়েছে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করা সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেডের স্থাপনা। গাড়িতে করে পশু এনে নামানোর জায়গাও নেই।
এবিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, এবারের কোরবানির পশুরহাট বসানো নিয়ে ৩টি জায়গা পশুরহাট না বসাতে সিটি কর্পোরেশনকে সমস্যা তুলে ধরে সিএমপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। পর্যাপ্ত স্থান না থাকায় ও নানা বিষয় বিবেচনায় এনে এ চিঠি দেওয়া হয়েছে যাতে জনগণ ভোগান্তিতে না পড়েন।
চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের গ্রাহক।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
