প্রেমের টানে ধর্ম পাল্টে বিয়ে, শেষ পরিণতি আত্মহত্যা

আপডেট: ২০ জুন ২০২০ ১:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুন, ২০২০ শনিবার ১২:৪৭ পিএম

ছেলে মুসলিম, মেয়ে খ্রিস্টান। ভালোবাসার সম্পর্ক প্রায় দশ বছরের। ভালবাসার টানে ধর্ম পাল্টিয়ে মুসলমান হয় সুস্মিতা এবং বিয়ে করে সোহেলকে। তারপর কেটে গেল আরও ১০টি বছর। কিন্তু হঠাৎ স্বামীর সাথে কথা-কাটাকাটির জেরে অন্তঃসত্ত্বা অবস্থাতেই আত্মহত্যার পথ বেছে নেয় সুস্মিতা। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই অন্তঃসত্ত্বা নারী।

নিহত সুস্মিতার বাবার বাড়ি রাউজান থানার জবাব মোল্লাপাড়া এলাকায়। তিনি কুমিরা ইউনিয়ের কাজীপাড়া এলাকার কাশেম মেম্বারের বাড়ির ছেলে মো. সোহেলের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্তান সম্ভবা এই নারীর আগামী ১৫ জুলাই সন্তান প্রসবের তারিখ ছিল।

জানা যায়, আজ বাপের বাড়ি যাওয়ার কথা থাকলেও ঠিক সময়ে যেতে পারেনি নিহত সুস্মিতা। এ নিয়ে কথা-কাটাকাটি হয় তাঁর স্বামীর সঙ্গে এবং অভিমানে আত্মহত্যা করেন তিনি। পরে তাঁর স্বামী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোনো মামলা করবেন না জানিয়ে সুস্মিতার মা স্বপ্না চৌধুরী বলেন, ‘আমার মেয়ে নিজেই অন্যায় করেছে। সেক্ষেত্রে আমরা থানায় কোন মামলা দায়ের করব না।’

৭ নম্বর কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ চৌধুরী বলেন, ‘স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে এক মহিলা আত্মহত্যা করেছেন শুনেছি। তিনি সন্তান-সম্ভবা ছিলেন বলে জানতে পেরেছি। বর্তমানে তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেলে রয়েছে।’

এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সিটিজিসান ডটকম/আরএইচ/এনএকে

Print This Post Print This Post