সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৭ জুন, ২০২০ সোমবার ০৩:০৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলাউদ্দিন (৩১) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের হাজ্বী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন একই এলাকার মফিজুর রহমানের পুত্র।
নিহতের ছোট ভাই মো. আশরাফ জানান, ‘আলাউদ্দিন তাঁর স্ত্রীর সাথে আলাদা ঘরে বসবাস করতো। তাঁদের বিয়ে হয়েছে তিন বছর আগে। প্রায়ই তাঁদের মধ্যে মনমালিন্য লেগে থাকতো। চারদিন আগে তাঁর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। আজ সকালে ঘরের আশেপাশের থেকে গন্ধ বের হলে লোকজন দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত লাশ।’
বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড ইউপি সদস্য মো. রাশেদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পাই। লাশ থেকে দুঃগন্ধ বের হচ্ছিল। সম্ভবত এটি তিন-চার দিন আগের লাশ। ধারণা করা হচ্ছে আলাউদ্দিন ও তাঁর স্ত্রীর মধ্যে কোন ধরণের মনমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।’
সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে সেখানে এসআই মাহবুব কে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অর্ধ গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
সিটিজিসান ডটকম/আরএইচ/এনএকে
Print This Post
