নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ জুন, ২০২০ সোমবার ৪:৫০ পিএম
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরফিন নগর এলাকায় তিনটি অস্ত্রসহ সোহরাব হোসেন সোহেল প্রকাশ সৌরভ (২৯) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় ২টি ওয়ানশুটার গান, ১টি পাইপগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
রোববার (৭ জুন) রাত নয়টার দিকে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের মেইন গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুছাপুরের জঙ্গল সলিমপুর ২ নম্বর সমাজ ছিন্নমূল এলাকার আসমতেরগো বাড়ীর মো. আবু সুফিয়ানের পুত্র।
র্যাব-৭ এর চট্টগ্রামের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গতকাল রাত নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আরফিন নগর এলাকায় নাশকতা সৃষ্টি করতে অবস্থান করছিল কয়েকজন সন্ত্রাসী। এমন খবরের ভিত্তিতে সেখানে অপারেশন পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে অস্ত্রসহ সোহরাব হোসেন সোহেল প্রকাশ সৌরভ গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। ওইসময় তার ব্যাগ ও প্যান্টের পেছনে তল্লাশি করে দুইটি ওয়ানশুটারগান, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় পাঁচটি ও বায়েজিদ বোস্তামী থানায় দুইটিসহ মোট সাতটি মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়ের করাসহ তাকে থানায় হস্তাস্তর করা হয়েছে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
