নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ মে, ২০২০ বুধবার ০৭:২১ পিএম
বন্দর নগরী চট্টগ্রামে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে আশঙ্কাজনক হারে। এ উদ্বেগে চট্টগ্রামবাসীকে স্বস্তি দিতে এবার নগরের বিভিন্ন স্পটে ব্রাক বাংলাদেশ’র সহায়তায় সিটি মেয়র আ জ ম নাছিরের উদ্যোগে ১২টি করোনা টেস্টিং বুধ স্থাপন করা হচ্ছে।
বুধবার (২৭ মে) ব্রাক প্রতিনিধিরা মেয়রের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিন ধরে এ ব্যাপারে আলোচনা হচ্ছিলো। আজ চূড়ান্ত হয়েছে। কাল বৃহস্পতিবার টেস্টিং বুথের স্পট পরিদর্শন করা হবে। ২-৩ দিনের মধ্যে বুথ রেডি হয়ে যাবে আশা করি।’
প্রাথমিকভাবে নগরের ৬টি স্পটে বসবে করোনা টেস্টিং বুথ। টেস্টিং বুথের প্রাথমিক স্পটগুলো হলো- কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল।
এসব বুথের নমুনা সংগ্রহ ও পরীক্ষার বিষয় সমন্বয় করবেন চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী।
বুধবার সিটি মেয়রের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্টে তিনি জানান, ক্রমান্বয়ে আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবণ রোগীরা নমুনা প্রদান করে সহজে করোনা পরীক্ষা করাতে পারবেন।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
