সিএস ডেস্ক | আপডেট : ২৪ মে, ২০২০ রবিবার ০১:৪৪ পিএম
আগের চার ঈদ কারা হেফাজতে কাটানোয় এবার দুই বছর পর নিজ বাড়িতে ঈদ করবেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ও অসুস্থ হওয়ায় এবার ঘরেই কাটবে সাবেক এই প্রধানমন্ত্রীর ঈদের দিনটি। পরিস্থিতি বিবেচনায় এবার বাতিল করা হয়েছে তার সঙ্গে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় কর্মসূচিও।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হওয়ার পর কারা হেফাজতে ছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ২৫ মার্চ মুক্তি পাওয়ার আগে টানা চারটি ঈদ কারা হেফাজতেই কাটিয়েছেন তিনি। তবে মুক্ত হওয়ায় এবার বাড়িতেই ঈদ উদযাপন করতে পারছেন তিনি।
আরও পড়ুনঃ করোনা: চট্টগ্রামে আরও ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত
বিএনপি’র দলীয় একটি সূত্র জানিয়েছে, প্রতিবছর ঈদের আগে বা পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান দেশে আসতেন। এ বছর বিমান চলাচল বন্ধ থাকায় তিনি দেশে আসতে পারছেন না। তবে ঈদের দিন দেশে ও দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এদিকে ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
প্রসঙ্গত, এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই ঈদে কারাগারে ছিলেন বিএনপিপ্রধান।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
