করোনা/ ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫১

আপডেট: ১৯ মে ২০২০ ২:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ মে, ২০২০ মঙ্গলবার ০২:৩৮ পিএম

গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৭০ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৫১ জন। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ১২১ জনে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বকেই কাঁপিয়ে চলেছে। বর্তমানে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post