নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ মে, ২০২০ রবিবার ০২:৪৮ পিএম
মরণঘাতী করোনা ভাইরাসের ছোবলে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। দেশজুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় এক মুঠো খাবারের আশায় হাহাকার করছে অসহায় দরিদ্র ও দুঃস্থ মানুষগুলো। ঠিক এমন সময়েই ত্রাতা হিসেবে এগিয়ে এলো চট্টগ্রামের ওষুধ ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
আজ রবিবার (১৭ মে) সকাল ১১ টায় নগরেরর ইপিজেডস্থ হাসপাতাল গেইট এলাকায় এবং পতেঙ্গা থানা এলাকায় এ সংগঠনের এর পক্ষ হতে করোনাভাইরাস এর কারণে বিপাকে পড়া দুঃস্থ, অসহায় ও অসচ্ছল ৪০০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্যাকেট জাতীয় খাবার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে ডোর টু ডোর বিতরণ করেন তাঁরা।
এই বিপদকালীন সময়ে খাবার সামগ্রী এবং ওষুধ বিনামূল্যে পেয়ে হাসি ফুটেছে ইপিজেড পতেঙ্গা এলাকার এসব নিম্নবিত্ত পরিবারের সদস্যদের মুখে।
সংগঠনটির সভাপতি খান মো. সাইফুল বলেন, বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইপিজেড ও পতেঙ্গার দরিদ্র ৪০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা ডোর টু ডোর এসব খ্যাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছি।
রফিক নামে ত্রাণ নিতে আসা এক দিনমজুর বলেন, এই ভাইরাসের জন্যে প্রায় ২ মাস যাবত কাজ বন্ধ বাবা। কিছু খেতে পারি না। এই খাবার গুলা পেয়ে সত্যিই অনেক খুশি আমি। পরিবার নিয়ে দু-বেলা দুমুঠো ভালোভাবে খেতে পারবো।
এসব ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি খান মো. সাইফুল, সহ-সভাপতি সজল বড়ুয়া, সাধারণ সম্পাদক এমরান হোসেন, সহ- সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দীন, বিশ্বজিৎ দত্ত এবং নুরুদ্দীন।
খান মো. সাইফুল আরও জানান, ওষুধ ব্যবসায়ীরা দেশের এ ক্রান্তিলগ্নে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই জনগণকে ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে। তাঁদের জীবনের বিনিময়ে হলেও ভবিষ্যতে এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াবে তাঁরা।
সিটিজিসান/সিএস/আরএইচ
Print This Post
