নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ মে, ২০২০ শনিবার ০৬:০০ পিএম
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদে বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করলে জরিমানা আদায় করা হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপও গ্রহণ করা হবে- এমনটাই জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিনোদন স্পট হিসেবে চট্টগ্রামের ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পতেঙ্গা সী-বিচ, পারকি সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকতসহ চট্টগ্রামের সব ধরণের বিনোদনকেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম জানান, করোনাসংক্রমণ ঠেকাতে ঈদে বিনোদনকেন্দ্রসহ চট্টগ্রামে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ রয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বছর বিনোদনকেন্দ্রে ভিড় না করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৯ মার্চ মরণব্যাধি করোনাভাইরাস প্রার্দুভাব পরিস্থিতি ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলার সব পিকনিক স্পট, বিনোদন পার্ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
