নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ মে, ২০২০ মঙ্গলবার ০৯:৪০ পিএম
চট্টগ্রামে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে একজন এবং অপরজন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান।
তাঁদের মধ্যে একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা শিমু আক্তার (৩২) এবং অপরজন নগরীর ইপিজেডস্থ বন্দরটিলার ৬০ বছর বয়সী একজন নারী।
আজ মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) বিকেল ৪ টার দিকে হাটহাজারী উপজেলার বাসিন্দা শিমু আক্তার (৩২) মৃত্যুবরণ করেন৷
ডা. আব্দুর রব বলেন, এর পরেই ইপিজেডের বন্দরটিলা এলাকার করোনা আক্রান্ত এক ৬০ বছর বয়সী এক নারীকে একটি ছোট মেয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারীও মৃত্যুবরণ করেন।
এ পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৩ জন মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
