করোনায় মৃত ব্যক্তির পরিবারকে ৪ দিন তালাবদ্ধ করে রাখল চসিক কাউন্সিলর

আপডেট: ১০ মে ২০২০ ১:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ মে, ২০২০ রবিবার ০১:৪৫ পিএম

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির পরিবারকে ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ৪ দিন যাবত তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে৷ ফলে বাড়িতে আটকা পড়েছিলো ওই ব্যক্তির শিশুসহ পুরো পরিবার৷

অভিযুক্ত হলেন, নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড এর চসিক কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম৷

জানা যায়, গত ০৪ মে করোনা সংক্রমণ নিয়ে মারা যায় বাকলিয়া এলাকার আহমেদ আরমান (৫৫)৷  মারা যাওয়ার ২ দিন পরে নমুনা পরীক্ষার রিপোর্টে মৃতের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়৷ সেদিনই স্থানীয় কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম এর নেতৃত্বে ওই ব্যক্তির পরিবারকে তালাবদ্ধ করে রাখা হয়৷

পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিলে শনিবার (০৯ মে) রাতে ওই তালা খুলে দেওয়া হয়৷

জানতে চাইলে মৃত আহমেদ আরমানের ছেলে আবিদ অভিযোগ করে বলেন, স্থানীয় কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে আমাদের বাড়ি তালাবদ্ধ করে দেয়া হয়েছিলো৷ শনিবার রাতে (০৯ মে) তালা খুলে দেয়া হয়৷ গতকাল রাতে (শনিবার) সিভিল সার্জন জানিয়েছেন আজ আমাদেরও পরীক্ষা করা হবে৷

তিনি বলেন, আজ (রবিবার) সকালে স্থানীয় কাউন্সিলর ও প্রশাসনের সহায়তায় একটি মাইক্রোবাসের মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আমরা সকাল ১০টায় এখানে এসেছি৷

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আমি গতকাল রাতেই ওই পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁদের করোনা টেস্ট এর ব্যাপারে সব উদ্যোগ ইতিমধ্যে নেয়া হয়েছে৷

এ বিষয়ে জানতে চসিকের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামের মুঠোফোনের সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি৷

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post