নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৪ মে, ২০২০ সোমবার ১০:১৫ পিএম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট এলাকায় পুলিশ বক্সের বোমা হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাদুরপাড়া এলাকার মোহাম্মদ ইসহাক মিয়ার পুত্র মো. সাইফুল্লাহ (২৪), একই উপজেলার দক্ষিণ মারফলা এলাকার মনির আহমদের ছেলে মো. এমরান (২৫) ও উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মহরম আলীর ছেলে মো. আবু সালেহ (২৫)।
এদের মধ্যে মো. সাইফুল্লাহ চকবাজার এলাকার নুরা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানের কর্মচারী, এমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ও আবু সালেহ ন্যাশনাল পলিটেকনিকের ছাত্র।
এর আগে, রবিবার (৩ মে) বিকেলে নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোডের গণি কলোনীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানে নেতৃত্বে দেয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার পলাশ কান্তি নাথ।
এদিকে সিএমপির কর্মকর্তারা জানিয়েছে, পুলিশ বক্সের হামলা ঘটনায় নব্য জেএমবির ৭ সদস্যের জড়িত থাকার প্রমাণ মেলে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অতিরিক্ত উপ কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, পুলিশ বক্সে হামলার ঘটনায় তিন যুকেকে গ্রেফতার করা হয়েছে। এই হামলার সঙ্গে সরাসরি ৭ জনের জড়িত থাকার খোঁজ পাওয়া যায়। তাদের দল ১২ জন সদস্যের একটি টিম রয়েছে।
নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশ বক্সে হামলার সঙ্গে জড়িত ৩ জন নব্য জেএমবির সদস্য বলে জানতে পেরেছি আমরা। তাদের অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আছে কী না তা যাচাইবাচাই করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদরে সম্পর্কে আরও তথ্য জানার জন্য তাদরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মোড়ের পুলিশ বক্সে বোমা বিস্ফোরণে সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ ৫ জন আহত হন।
সিটিজিসান ডটকম/ সিএস
Print This Post
