নিখোঁজ সাংবাদিক কাজল উদ্ধার হল বেনাপোল থেকে

আপডেট: ৩ মে ২০২০ ১:২৪ অপরাহ্ন

সিএস ডেস্ক | আপডেট : ০৩ মে, ২০২০ রবিবার ০১:২০ পিএম

নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের সন্ধান মিলেছে। শনিবার (২ মে) দিনগত রাতে বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে তাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাজল সাহেবকে পাওয়া গেছে। উনি বিজিবির কাছে আছে। তাকে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’

তবে কীভাবে তাকে পাওয়া গেল এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাতপুর ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন ফিরছেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে কাজলের সন্ধান পাওয়ার খবরে রাতেই তার স্বজনরা তাকে নিতে বেনাপোলের উদ্দেশে ঢাকা থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে কাজলের সন্ধান পাওয়ার বিষয়ে তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন বলেন, ‘ফোনে কাজলের সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই খবর পেয়ে রাতেই স্বজনরা তাকে নিতে বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।’

প্রসঙ্গত, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ১০ মার্চ সন্ধ্যায় ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় পরিবার। ১৮ মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। সাংবাদিক কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদফা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post