নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ এপ্রিল, ২০২০ বুধবার ০৭:০৬ পিএম
হাটহাজারী উপজেলার একটি মুদি দোকান থেকে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার এনায়েত বাজার মুনিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম স্টোর নামে একটি মুদি দোকান থেকে ২২৭ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও মো. রুহুল আমিন জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানোর সময় একটি মুদি দোকানে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও আরো জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠান টিসিবি তাদের ডিলারের মাধ্যমে অত্যন্ত সুলভে সাধারণ মানুষের কাছে এই তেল বিক্রি করার কথা। কিন্তু কতিপয় ডিলার ও ব্যবসায়ী যোগসাজসে সাধারণ মানুষকে বঞ্চিত করে সুলভ মূল্যের এসব পণ্য খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। তাই ভ্রাম্যমান অভিযান চালিয়ে এসব পণ্য জব্দসহ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।
সিটিজিসান/আরএইচ
Print This Post
