করোনা: রেকর্ড আক্রান্ত চট্টগ্রামে, ১০০ নমুনায় ১১ পজিটিভ

আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ এপ্রিল, ২০২০ মঙ্গলবার ১:০৩ পিএম

বন্দরনগরী চট্টগ্রামে আবারও রেকর্ড সংখ্যক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে সোমবার। এদিন মোট ১২ করোনা পজিটিভের মধ্যে ১১জনই চট্টগ্রামের। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে আক্রান্তের সংখ্যা ৭জন। এদের মধ্যে রয়েছে চিকিৎসক, পুলিশ ও র‌্যাব সদস্যও। বাকী ৪জনের মধ্যে সাতকানিয়ায় ২জন (দ্বিতীয় দফার পরীক্ষায়ও পজিটিভ হন), মীরসরাইয়ে ১জন ও বোয়ালখালীতে ১জন করোনারোগী শনাক্ত হয়েছে। এর বাইরে ১জন লক্ষীপুর জেলার।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিটে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, সোমবার ফৌজদারহাট বিআইটআইডিতে মোট ১০০ নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই ফলাফল পাওয়া যায়। 

চট্টগ্রাম নগরে আক্রান্তদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকও রয়েছেন। নগরে আক্রান্ত অপর ৬জন হচ্ছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের এক স্টাফ, নগরীর দক্ষিণ হালিশহরে একজন, দামপাড়া পুলিশ লাইন একজন, পাহাড়তলী একজন ও ভাটিয়ারী বিএমএ লিংক রোড এলাকায় একজন।

সর্বশেষ এর আগের দিন (২৬ এপ্রিল) রবিবার ৭ রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। 

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুয়ায়ি, ১৪ এপ্রিল চট্টগ্রামে সর্বোচ্চ ১১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে চট্টগ্রামে। এর মধ্যে এক চিকিৎসক, সাতকানিয়ার পাঁচ যুবক ও নগরের সাগরিকা এলাকার এক পরিবারের চারজন করোনায় আক্রান্ত হন। অবশ্য তাদের মধ্যে ৩জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাড়ী ফিরেছেন প্রথম আক্রান্ত হওয়া দামপাড়ার বৃদ্ধ ও তার ছেলেও।

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় গত ২৬ মার্চ। চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। নগরীর দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি তার ওমরা ফেরত মেয়ের মাধ্যমে সংক্রমিত হন বলে ধারনা করা হয়। এখন পর্যন্ত তিনি করোনা পজিটিভ আছেন। পরে ৫ এপ্রিল দ্বিতীয় করোনারোগী শনাক্ত হন ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে। 
৮ এপ্রিল চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন তিনজন। একদিন বিরতি দিয়ে ১০ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও দুইজন করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর ১১ এপ্রিল চট্টগ্রামে করোনারোগী শনাক্ত হন তিনজন। ১২ এপ্রিল চট্টগ্রামে সে সংখ্যা বেড়ে পাঁচজন-এ উন্নীত হয়। আক্রান্তদের একজন শিশু ওই দিন দিবাগত রাতে জেনারেল হাসপাতালে মারা যায়। এছাড়া এদিন ট্রাফিক পুলিশের এক সদস্যও করোনা আক্রান্ত হন।

১৩ এপ্রিল চট্টগ্রামে শনাক্ত হওয়া দুই করোনা রোগীর একজন নারী করোনা শনাক্তের আগেই আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান। 

এর পরের চারদিন ১৫, ১৬,১৭ ও ১৮ এপ্রিল আক্রান্তের সংখ্যা কমে হয় যথাক্রমে ৫, ১,১ ও ১ জন-এ। 

তবে ১৯ এপ্রিল হটাৎ আবারো চট্টগ্রামে বাড়ে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন ৪ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এছাড়াও পুরোনো এক রোগীর আবারো পজিটিভ আসে। ২১ এপ্রিল নতুন একজন করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪০ জনে। ২২ এপ্রিল নতুন ৩ করোনা সনাক্ত হয়। ২৪ এপ্রিল নগরের দামপাড়ায় আরো একজন রোগী শনাক্ত হয়।
গত ২৫ এপ্রিল দুই রোগী শনাক্ত হয়। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৪জন। চট্টগ্রামে এ পর্যন্ত নমুনা সংগ্রহের সংখ্যা ২৫৩২। আইসোলেশনে আছেন ৩৬জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১২জন। মারা গেছেন ৫জন। 

করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চট্টগ্রাম মহানগর এলাকায় সর্বোচ্চ ৩৮জন। এর পর সাতকানিয়া ১৫জন, সীতাকুণ্ড ২জন, বোয়ালখালী ২জন, পটিয়া ২জন, আনোয়ারা ১জন, চন্দনাইশ ১জন, ফটিকছড়ি ১জন ও মীরসরাই ২জন। 

সিটিজিসান/আরএইচ

Print This Post Print This Post