নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ এপ্রিল, ২০২০ শুক্রবার ৪:৫০ পিএম

করোনা সংক্রমণ ঠেকাতে এবার সরানো হলো চট্টগ্রামে বড় সবজীর বাজার রেয়াজউদ্দিন বাজার। শুক্রবার এই বাজার আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত হয় চট্টগ্রাম রেল স্টেশনের পার্কিং এলাকায়।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এই খুচরা কাঁচাবাজার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ধর্মীয় অনুশাসন ও খাদ্যভাসের কারণে দেশে এখনও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম। খোলা জায়গায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এরকম বাজার বসানোর কাজটি প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, দেশে লাখ লাখ সবজি উৎপাদনকারী রয়েছে। তারা সঠিকভাবে যদি সবজি বিক্রি করতে না পারেন, দুর্ভোগে পড়বেন। সেজন্য খোলা জায়গায় বাজার বসানোর মাধ্যমে সুন্দর বিপণন ব্যবস্থা গড়ে তুলছে পুলিশ। এরকম বিপণন ব্যবস্থায় তারা লাভবান হবেন। দেশ স্বাভাবিক থাকবে।

মোস্তাফা কামাল উদ্দীন বলেন, সবাই লকডাউনে থাকলেও পুলিশের তা নেই। তারা ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত আছে। মানুষের জীবন-যাপন কীভাবে সহজ করা যায়, তার ব্যবস্থা করছে পুলিশ। অনেকে শহর ছেড়ে গ্রামে চলে গেছে, তাদের বাসা পাহারা দিচ্ছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে ও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
চট্টগ্রামে এ নিয়ে ২০টি কাঁচাবাজার খোলা জায়গায় স্থানান্তরিত হলো।
সিটিজিসান/আরএইচ
Print This Post
