সন্ধ্যায় ‘লকডাউন’ হচ্ছে রাউজান

আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১২:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার ১২:৩৩ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও হাটহাজারী ও ফটিকছড়ি পর এবার রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাউজানে লকডাউন কার্যকর হবে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ‘সংক্রমণ রোগ আইন, ২০১৮’ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনগণের জানমালের নিরাপত্তায় রাউজান উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এ ঘোষণা কার্যকর হবে।’

তিনি আরও বলেন, লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট বসিয়ে নিয়মিত নজরদারি করা হবে। এর ফলে আগামীকাল ভোর থেকে রাউজান উপজেলা থেকে কেউ অন্য কোনো উপজেলা বা জেলায় যেমন যেতে পারবে না, তেমনি বাইরে থেকে রাউজান উপজেলায়ও কেউ ঢুকতে পারবে না। পাশাপাশি গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জেলার সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী ও বাঁশখালীকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

সিটিজিসান/আরএইচ

Print This Post Print This Post