নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ এপ্রিল, ২০২০ বুধবার ১১:৪৪ পিএম

চট্টগ্রামের নতুন আরো তিন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন করে প্রথমবারের মত উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি একজন চিকিৎসক৷
বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ নতুন ১৬৫ টি নমুনা পরীক্ষায় আরো ৪ জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে তিনজন চট্টগ্রামের। ১ জন লক্ষ্মীপুরের।
রাত পৌণে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।
তিনি বলেন, “আজ বুধবার বিআইটিআইডিতে ১৬৫ নমুনা পরিক্ষায় নতুন আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফটিকছড়িতে একজন চিকিৎসক, নগরের লালখান বাজার ও বালুচরায় ৪০-৪২ বছরের দুই যুবক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।”
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি তার ওমরা ফেরত মেয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত তিনি করোনা পজিটিভ আছেন। পরে ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
৮ এপ্রিল চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন তিনজন। একদিন বিরতি দিয়ে ১০ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও দুইজনকে করোনা পজেটিভ পাওয়া যায়। পরে ১১ এপ্রিল চট্টগ্রামে করোনা রোগী হিসেবে শনাক্ত হন তিনজন। ১২ এপ্রিল চট্টগ্রামে সে সংখ্যা বেড়ে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের একজন শিশু ওই দিন দিবাগত রাতে জেনারেল হাসপাতালে মারা যায়। এছাড়া একইদিনে ট্রাফিক পুলিশের এক সদস্যও করোনা আক্রান্ত হন৷
১৩ এপ্রিল চট্টগ্রামে শনাক্ত হওয়া দুই করোনা রোগীর একজন নারী করোনা শনাক্তের আগেই আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।
১৪ এপ্রিল সর্বোচ্চ ১১ জন করোনারোগী শনাক্ত হয় চট্টগ্রামে। এর মধ্যে এক চিকিৎসক, সাতকানিয়ার পাঁচ যুবক ও নগরের সাগরিকা এলাকার এক পরিবারের চারজন করোনায় আক্রান্ত হন।
পরের চারদিন ১৫, ১৬,১৭ ও ১৮ এপ্রিল আক্রান্তের সংখ্যা কমে হয় যথাক্রমে ৫, ১,১ ও ১ জন আক্রান্ত হয়।
তবে ১৯ এপ্রিল হঠাৎ বাড়ে চট্টগ্রামে করোনারোগী শনাক্তের সংখ্যা। এদিন ৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়াও পুরোনো এক রোগীর আবারো নমুনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
২১ এপ্রিল নতুন একজন করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪০ জনে। আজ নতুন ৩ করোনা শনাক্তে মোট রোগীর সংখ্যা হলো ৪৩ জন।
এ নিয়ে চট্টগ্রামে এক শিশু, দুই বৃদ্ধ ও দুই নারীসহ মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আইশোলসনে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। মৃত্যুর পর তাদের পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়।
সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৭ করোনা জয়ী নারীপুরুষ।
সিটিজিসান/আরএইচ
Print This Post
