গণ ভবন থেকে কাপ্তাইয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ২:৪৩ অপরাহ্ন

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৮ পিএম

নাঈম ইসলাম মুন্না, রাঙামাটি : : কাপ্তাইয়ে নবনির্মিত সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে এই সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে। কাপ্তাই প্রজেক্টের ভেতরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন দুই একর খালি জায়গায় সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সৌরবিদ্যুৎ প্রকল্পটি উদ্বোধন করেন।

এ সময় ৪টি বিদ্যুৎ কেন্দ্র, ৮টি উপকেন্দ্র এবং ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, ১১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। সৌর শক্তির সাহায্যে এই প্রকল্প থেকে দৈনিক ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এর মধ্যে ২ মেগাওয়াট বিদ্যুৎ কাপ্তাই প্রজেক্টে ব্যয় করা হবে।  বাকী ৫.৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হবে। পুরো প্রকল্প এলাকা সুউচ্চ সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা হয়েছে।  পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, মে মাস থেকে তারা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করছিলেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এখন জাতীয় গ্রিডে আনুষ্ঠানিক সরবরাহ শুরু হচ্ছে।

এ প্রকল্প থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ৫ টাকা ৪৮ পয়সা ব্যয় ধরা হয়েছে বলে জানান ব্যবস্থাপক।

আগামী দুই বছর এ বিদ্যুৎকেন্দ্রের সার্বিক দায়িত্ব থাকবে জেডটিইর হাতে। পরে তা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Print This Post Print This Post