ভাল ফলাফল নয়, ভাল মানুষ হওয়া জরুরি: শিক্ষামন্ত্রী

আপডেট: ২২ জানুয়ারী ২০১৯ ৩:৫১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ১১:৪০ পিএম |

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা। সেই পরীক্ষায় সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। প্রশ্নœ ফাঁসমুক্ত, নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা যেন হয় সে বিষয়ে কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এসব কথা বলেন।

অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পরীক্ষার আগে কোনো ধরনের অনৈতিক পথে হাটবেন না। এই সময় সঠিকভাবে পড়াশোনার প্রতি মনোযোগ দেবে এবং ঠিকভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময়ে কোনো দুর্বৃত্ত এই প্রক্রিয়ায় এটিকে নষ্ট করবার কোনো অপচেষ্টা চালাতে না পারে। একই ভাবে যদি প্রশ্নপত্র পাওয়ার ব্যাপারে অভিভাবক ও পরীক্ষার্থীদের একাংশেরও বিশাল আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে পাওয়ার তবে অপকর্মটি যারা করে তাদের সেই চেষ্টা থাকবে না। সবাই মিলে এই প্রক্রিয়াটি সুন্দর, সফল ও ত্রুটিমুক্ত করতে চাই।

মন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করা নিশ্চয় জরুরি। জিপিএ-৫ পাওয়া জরুরি। কিন্তু সেটিই একমাত্র বিষয় হতে পারে না। আমি ভালো মানুষ হলাম কি না। আমার মধ্যে মানবিকতাবোধ, আমার মধ্যে নৈতিকতা সেগুলো ঠিকমতো আছে কি না। সুস্থ, সুন্দর মন নিয়ে বড় হচ্ছি কিনা সেটি কিন্তু জরুরি। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ করতে হলে আমাদের সুনাগরিক লাগবে, সোনার মানুষ লাগবে। এর জন্য শুধু জিপিএ-৫ পাওয়া একমাত্র পথ হতে পারে না। তার সঙ্গে সুস্থ মানুষ চাই।

বিশষে অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, আমরা যখন তোমাদের বয়সী ছিলাম তখন এই ছবি দেখতে দেয়নি। আমাদের জাতিরজনক সম্পর্কে জানতে দেওয়া হয়নি। আজকে যারা এখানে এসেছো তারা দেশের ইতিহাস, জাতির জনক সম্পর্কে জানতে হবে। আমরা শিক্ষা, ক্রীড়ায় এগিয়ে যাবো। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মন ভালো থাকলে পড়াশোনা ভালো হয়। বিকেল হলে খেলাধুলায় মেতে উঠবে। খেলার সঙ্গে শিক্ষার সম্পর্ক আছে বলেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার কুসুম দেওয়ান, রাজশাহীর প্রফেসর মো. আবুল কালাম আজাদ, যশোরের প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, বরিশালের প্রফেসর মোহাম্মদ ইউনুস, মাদ্রাসা শিক্ষা বোর্ডের একেএম ছায়েফ উল্যা, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post