বৈঠকে আগ্রহ নেই ২০ দলের শীর্ষ নেতাদের

আপডেট: ২২ জানুয়ারী ২০১৯ ১২:৩২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ১২:৩০ পিএম |

জামায়াত ইসলামী ছাড়া ২০ দলের অধিকাংশ শরীকদের খুঁজে পাচ্ছেন না নজরুল ইসলাম খান। তিনি ২০ দলের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনের পর ২০ দলের একটিমাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে এই নির্বাচনকে প্রত্যাখান করা হয়েছিল।

এরপর ২০ দলের বৈঠক ডাকার জন্য বেগম খালেদা জিয়া কারাগার থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও অনতিবিলম্বে ২০ দলের বৈঠক ডাকতে বলেছেন। কিন্তু গত চারদিন নিরন্তর চেষ্টা করেও নজরুল ইসলাম খান ২০ দলের নেতাদের টিকিটি ধরতে পারেননি।

তিনি ইতিমধ্যে দলের মহাসচিবকে জানিয়েছেন যে, ২০ দলের নেতারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এই বৈঠকের ব্যাপারে একমাত্র জামাতের আগ্রহ আছে এবং তাদের সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ হচ্ছে। কিন্তু ২০ দলের শরীক অন্য দলগুলোর অধিকাংশকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরও এই বৈঠকের ব্যাপারে কোন আগ্রহ নেই।

২০ দলের শরীক নেতারা বলছেন, আপনারা নিজেরাই আগে ঠিক হন। ঐক্যফ্রন্ট রাখবেন না ২০ দল রাখবেন? ঐক্যফ্রন্টের সঙ্গে ২০ দলের সম্পর্ক কী রকম হবে সেগুলো আগে সুরাহা করেন। আমরা গোপন নাকি প্রকাশ্য প্রেমিক সেটা পরিস্কার করেন। তারপর আমরা সিদ্ধান্ত নেব, ২০ দলের বৈঠকে বসা যায় কিনা।

২০ দলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন যে, ২০ দলের বৃহত্তম দল হলো বিএনপি। তাদের ভিতরের অস্থিরতা বন্ধ করে, তাদের ঘর গোছানোর পরই ২০ দলকে কার্যকর করার পদক্ষেপ নেয়া যেতে পারে। এজন্য তারা ২০ দলের বৈঠক করতে পারছেন না।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post