অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২১ জানুয়ারি ২০১৯, সোমবার ০৩:৩৫ পিএম |
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাকে হুইল চেয়ারে করে হাজির করা হয়।
আজ এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
১৩ জানুয়ারি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ দিন ধার্য করেছিলেন।ওই দিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।সেই সঙ্গে খালেদা জিয়া সহ সব আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়।
১৩ ডিসেম্বর এ মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আংশিক অভিযোগ গঠন শুনানি হয়। ওই দিন তার (মওদুদ) পক্ষে শুনানি শেষ না হওয়ায় বিচারক ২১ জানুয়ারি দিন ধার্য করেন।
নাইকো দুর্নীতি মামলা সূত্রে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।
মামলা করার পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
