বাকলিয়ায় ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

আপডেট: ২০ জানুয়ারী ২০১৯ ৬:৩১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২০ জানুয়ারি ২০১৯, রবিবার ০৬:৩০ পিএম |

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে ইয়াবা সহ মো. রেজাউল করিম সরদার প্রকাশ শান্ত (৪০) এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

গ্রেপ্তারকৃত মাদারীপুর জেলার কালকিনী থানার উত্তর ধুয়াসা গ্রামের মৃত আহাম্মদ আলী সরদারের পুত্র। তিনি নিজেকে ‘দৈনিক নতুন সময়’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলে জানিয়েছে পুলিশ।

শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ভোরে রাস্তা দিয়ে হেটে যাওয়া সময় তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। এসময় পুলিশকে সে সাংবাদিক পরিচয় দেয় এবং ‘দৈনিক নতুন সময়’ নামে একটি পত্রিকার পরিচয়পত্র দেখায়। পরে তার কথার মধ্যে সন্দেহ হওয়ায় তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে রেজাউল করিমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post