অনলাইন নীতিমালা বাস্তবায়নের কাজ চলছে : তথমন্ত্রী

আপডেট: ২০ জানুয়ারী ২০১৯ ৫:০৬ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২০ জানুয়ারি ২০১৯, রবিবার ০৫:০৫ পিএম |

গণমাধ্যমে অনলাইন নীতিমালা বাস্তবায়নের কাজ চলছে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। এসময় তিনি সাংবাদিকদের আবাসন নিশ্চিত করার কথাও উল্লেখ করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বিস্তৃতি ও বিকাশ এবং অধিকতর কার্যকরের জন্য কাজ করবেন; যোগ করেন ড. হাছান মাহমুদ।

রবিবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। গণমাধ্যম যদি স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে সমান্তরালে কাজ করে, তাহলে এই মাধ্যমকে সম্মিলিত প্রচেষ্টায় ইউরোপ-আমেরিকার গণমাধ্যমের লেভেলে নিয়ে যেতে পারবেন।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত প্রসার ও দক্ষতা বাড়াতে কাজ করে যাবো। ডিজিটাইল আইন নিয়ে সাংবাদিকদের যেসব উদ্বিগ্নতার জায়গা রয়েছে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে। বেসরকারি পর্যায়ে গণমাধ্যমে প্রসার ঘটলেও রাষ্ট্রীয় গণমাধ্যমে তেমন ব্যাপকতা আসেনি। এজন্যে ৬টি বিভাগে বিটিভির স্টেশন স্থাপন করা হবে; বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়টির সুরাহা হওয়া প্রয়োজন। আমি এই মন্ত্রণালয়ে নতুন। আগের তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। সাগর ও রুনি হত্যার বিচা‌রের বিষ‌য়ে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা কর‌ব। এছাড়া, সাংবা‌দিক‌ নেতা‌দের নি‌য়ে সাগর-রুনি হত্যা বিষয়ে আলোচনা করা হবে।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, গত ১০ বছরে বিএনপি জনগণের জন্য রাজনীতি করেনি। তারা নিজেদের ইস্যু নিয়ে ব্যস্ত ছিল। তারা নিজেদের কারণেই বিএনপির রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। তারা এই কয়েক বছরে খালেদা জিয়ার মুক্তি, দণ্ডিত আসামি তারেক রহমানকে দেশে ফেরানো, নিরপেক্ষ সরকার এসব ইস্যু নিয়ে রাজপথে সক্রিয় ছিল। এগুলো জনকল্যাণভিত্তিক বা জনগণের বিষয় নয়।

বিএনপি জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যে দলটি নিজেদের স্বার্থে রাজনীতি করেছে, তারা জনগণের ভালোবাসা পেতে পারে না। তারা এসব স্বার্থসিদ্ধির জন্য পেট্রোলবোমা হামলাসহ আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে।

জাতীয় সংসদে বিরোধীদল বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। বিএনপি যেহেতু জনগণের রায় নিতে পারেনি তাই সেই দায়-দায়িত্ব তাদের।

দ্রুত নবম ওয়েজ বোর্ডের বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ডের কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে মন্ত্রিসভার কমিটিতে এটা আলোচনা করা হবে। আগামী ২৩ তারিখ এ বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হবে।

এসময় সাংবাদিকদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন ড.হাছান মাহমুদ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post