অনলাইন | সিটিজিসান.কম

খাগড়াছড়ি | ১৫ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার ০২:০৫ পিএম |
খাগড়াছড়ির রামগড় উপজেলা সদরের জগন্নাথপাড়া এলাকায় মোহন ত্রিপুরা নামে এক জেএসএস নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত মোহন কুমার ত্রিপুরা জেএসএসের (এমএন লারমা) রামগড় উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি মাটিরাঙ্গা উপজেলার থলিচন্দ্র মহাজন পাড়ার কৃষ্ণ ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা) ইউপিডিএফ (প্রসীত)-কে দায়ী করেছে।
জানা গেছে, রামগড়ের জগন্নাথপাড়ার বাসিন্দা প্রদেশ ত্রিপুরার বাড়িতে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জেএসএস নেতা মোহন কুমার ত্রিপুরা। এ সময় কতিপয় সশস্ত্র সন্ত্রাসী বাড়ির ভেতর ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার জন্য পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জেএসএসের (এমনএন লারমা) কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরা।
কিন্তু অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক নিরণ চাকমা বলেন, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
তবে ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা বলেন, রাজনৈতিক কারণে ইউপিডিএফকে জড়ানো হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় কোন্দলের কারণে এসব ঘটছে। এ ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়।
রামগড় থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, প্রতিপক্ষের গুলিতে মোহন ত্রিপুরা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের তলপেটে গুলির চিহ্ন রয়েছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
