শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন

আপডেট: ১১ জানুয়ারী ২০১৯ ৩:৩৬ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

রাজশাহী | ১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার ০৩:৩৫ পিএম |

উত্তরঞ্চলে প্রায় সব জেলায়ই বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। তবে পঞ্চগড়ের তেঁতুলিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর কিছু কিছু এলাকায় এর তীব্রতা বেশি। এসব এলাকায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশির ভাগ সময়। কনকনে শীতের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতে রেল লাইন ও বস্তি এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সবচেয়ে বেশী প্রভাব পড়েছে বৃদ্ধ ও শিশুদের মধ্যে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এসব মানুষ। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। শীতে দুর্ভোগে রয়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানেও কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা।

বিভিন্ন জেলায় প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী। ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতজনিত রোগ থেকে রেহাই পেতে শিশুদের গরম কাপড় পরানো ও ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের বেশিরভাগ অঞ্চল। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি নৌ চলাচলও বিঘ্ন ঘটেছে। ঘনকুয়াশার কারণে কমেছে দৃষ্টিসীমা। ফলে দিনের বেলায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার কিছু অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আরো পাঁচদিন। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিন আবহাওয়ার রূপ ও তাপমাত্রা একই থাকতে পারে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post