মন্ত্রী করার শর্ত দিয়ে কাউকে জোটে নেওয়া হয়নি: কাদের

আপডেট: ৮ জানুয়ারী ২০১৯ ১১:৪৯ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

ঢাকা | ৮ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ১১:৫০ এএম |

কোনো প্রকার শর্ত দিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগ জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদকিদের একথা বলেন।

কাদের বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটের মধ্যে কোনও টানাপোড়েন নেই। মন্ত্রী করতেই হবে এমন কোনও শর্ত দিয়ে জোট করা হয়নি। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।

সেতুমন্ত্রী বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করবো। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে, যোগ-বিয়োগ হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, পুরাতন মন্ত্রীদের অনেকের নতুন মন্ত্রিসভায় জায়গা না হওয়াটা ‘বাদ পড়া’ নয়। তাদের দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রীত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদের পড়ার কোনও বিষয় আাছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post