জীবনের বিশাল অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে: মাহবুব তালুকদার

আপডেট: ৩ জানুয়ারী ২০১৯ ৯:৪২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ৩ জানুয়ারী ২০১৯, বৃহস্পতিবার ০৯:৪০ পিএম |

ইসিতে এসে বিশাল কর্মকাণ্ড দেখে জীবনের বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় ইসির কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদজ্ঞাপন ও নতুন বছরের শুভেচ্ছা জানাতে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে ইসি সচিবালয়।

নির্বাচন অনুষ্ঠানকে বিশাল কর্মযজ্ঞ উল্লেখ করে এই কমিশনার বলেন, নির্বাচন যে এত বড় কর্মযজ্ঞ সেই বিষয়ে সত্যিই আমার কোনো ধারণা ছিল না। কারণ নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করার কোনো সুযোগ বা নির্বাচন সচিবালয়ে কাজ করার সুযোগ আমরা জীবনে আমার হয়নি। এখানে এসে বিশাল কর্মকাণ্ড দেখে আমার জীবনের বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি।

মাহবুব তালুকদার বলেন, এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি ঐতিহ্য সৃষ্টি করবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন বক্তব্য দেয়া মাহবুব তালুকদার এ অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি বলেন, এ নির্বাচনকে অংশগ্রহণমূলক আখ্যায়িত করে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি একটি ঐতিহ্য সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, আপনারা জানেন আমাদের নির্বাচনের কোনো ধারাবাহিকতা নেই। কিংবা ছিল না। আমরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছি। কখনো সেনাসমর্থিত সরকারের অধীনে নির্বাচন করেছি। কখনো নির্বাচন করেছি দলীয় সরকারের অধীনে কিন্তু তা অংশীদারমূলক হয়নি।

তিনি বলেন, এই প্রথম একটি অংশীদারমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি ঐতিহ্য সৃষ্টি করবে। এই নির্বাচনের পথ ধরে পরবর্তী নির্বাচনের ধারা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে।

তিনি সিইসি ও সচিবের প্রশংসা করে বলেন, প্রধান নির্বাচন কমিশনার তিনি একজন মুক্তিযোদ্ধা। এবং যোদ্ধার মতো তিনি এই বিশাল কর্মযজ্ঞে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। আর এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশনের সচিব মহোদয় ও তার নির্বাচন সৈনিকরা। তারা যে কী নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচনকে সফল করেছে। এটি অভিজ্ঞার সঞ্চার হয়ে থাকবে।

বর্তমান কমিশনে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, আমি খুবই ভাগ্যবান ব্যক্তি। কারণ, সরকারি চাকরি করার সময় আমি বঙ্গভবনে ৫ বছর কাজ করার সুযোগ হয়েছে। চারজন রাষ্ট্রপতির সঙ্গে আমার সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল।

তিনি বলেন, আর জীবনের শেষপর্যায়ে এসে প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন নির্বাচন কমিশনারের সঙ্গে আমার আবার কাজ করার সুযোগ হয়েছে সম্ভবত ৫ বছরব্যাপী। সেই জন্য জীবনের প্রথম পর্যায়ে আমলা হিসেবে ৫ বছর এবং শেষ সময়ের এই ৫ বছর আমার জীবনের গৌরবগাথা হয়ে থাকবে।

সিইসি ও অন্যান্য কমিশনারদের সঙ্গে নিজের সুসম্পর্ক বজায় থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কমিশনার যাদের সঙ্গে আমার প্রতিদিনই দেখা হয়। আল্লাহর অপরিসীম অনুগ্রহ যে তাদের সঙ্গে দুই বছরের কাছাকাছি সময় অতিবাহিত করেছি এবং আরও তিন বছর অতিবাহিত করতে পারব বলে আশা করি।

মাহবুব তালুকদার বলেন, তাদের সঙ্গে আমার সম্পর্ক যে এত নিবিড় যা কখনো হয়নি, হওয়া সম্ভবও নয়। তাদের সঙ্গে অত্যন্ত আপনজনের মতো সম্পর্ক গড়ে উঠেছে। আর মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক রয়েছে। যেটার জন্য আমি আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, যে টিম স্পিরিট নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হয়েছে, সেই স্পিরিট নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এ সময় তিনি নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও শান্তিপূর্ণ উল্লেখ করে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের মতো বিশাল ও বৃহৎ কর্মযজ্ঞের প্রতিটি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি ইসির কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post