অনিয়মে উদ্বেগ, সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট: ২ জানুয়ারী ২০১৯ ১১:৩৯ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২ জানুয়ারী ২০১৯, বুধবার ১১:৩৫ এএম |

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংঘটিত যাবতীয় অনিয়ম তদন্ত করে সুরাহার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সরকারের সাথে কাজ করারও ঘোষণা দিয়েছে দেশটি।

ওয়াশিংটন থেকে গতকাল মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র রবার্ট পেলাডিনো বলেছেন, নির্বাচনের আগে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার বিশ্বাসযোগ্য খবরে আমরা উদ্বিগ্ন। এ কারণে বিরোধীদলীয় অনেক প্রার্থী ও তাদের সমর্থকেরা অবাধে প্রচারণা চালাতে পারেননি।

নির্বাচনের দিন অনিয়মের কারণে কিছু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এটি নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা ক্ষুন্ন করেছে।

সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে নির্বাচন কমিশনকে এসব অনিয়মের দাবি সুরাহা করতে গঠনমূলকভাবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দারুণ রেকর্ড এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এ লক্ষ্যগুলো সমন্বিতভাবে এগিয়ে নিতে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post