স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার ১০:১০ পিএম |
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের ওপর আবারও গণসংযোগ শেষে ফেরার পথে গাড়িবহরে হামলার করেছে সন্ত্রাসীরা।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হাটহাজারি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় আরো ৭/৮ জন আহত হয়েছে। হামলার সময় তার নয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
এবিষয়ে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, বুধবার বিকেলে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে মনিয়াপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে ২৫/৩০ জন সশস্ত্র যুবক করে গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা লাঠিসোটা নিয়ে আমার প্রাইভেটকারটিসহ মোট নয়টি মাইক্রোবাসসহ ভাঙচুর করেছে। এঘটনায় আমাদের ৭/৮ জনের মতো কর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
হামলাকারীরা চলে যাওয়ার পর আমি অন্য আরেকটি গাড়িতে ওই এলাকা ত্যাগ করি। তিনি সুস্থ আছেন বলে জানান।
হামলা ঘটনা স্বীকার করে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রার্থীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।
এর আগে, ২৩ ডিসেম্বর বিকেলে হাটহাজারি মহাসড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় গণসংযোগকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ ইব্রাহিমের জিপ গাড়িসহ মোট চারটি গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় ইব্রাহিমসহ প্রায় ৫ জনের মতো আহত হয়। ঘটনার পর ওইদিন সন্ধ্যায় তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলার বিষয়টি অভিযোগ করেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
