চট্টগ্রামে ১৮৪০ ইভিএম পৌঁছাবে বুধবার

আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ১১:৫০ পিএম |

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) একটি। আসনটিতে ভোটগ্রহণে জন্য জেলা নির্বাচন কার্যালয়ে ১ হাজার ৮৪০টি ইভিএম পাঠানো হবে বুধবার (২৬ ডিসেম্বর) এবং বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গ্রহণের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বি-ওয়ান, কাস্টমাইজেশন সেন্টার থেকে মঙ্গলবার বিকেলে এসব ইভিএম গ্রহণ করবেন। এরপর সেগুলো বুধবার চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন যে জন্য গত ১৭ ডিসেম্বর থেকে কোতোয়ালীর প্রতিটি ভোটকেন্দ্রে ‘মক ভোটিং’ কার্যক্রম শুরু করা হয়। ১১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

‘মক ভোটিং’ কার্যক্রমে ব্যবহৃত ২৮৮ ইভিএম ভোটগ্রহণে ব্যবহার করা হবে না। নির্বাচন কর্মকর্তাদের মতে, এসব মেশিন দিয়ে এতদিন ‘মক ভোট’ দেয়ায় কোনো ধরনের বিভ্রান্তি যেন না থাকে, সে কারণে এসব মেশিনে ভোটগ্রহণ করা হবে না। ১ হাজার ৮৪০ নতুন ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

জানা গেছে, বুধবার ঢাকার তেজগাঁওয়ের গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে চট্টগ্রামের কোতোয়ালী আসনের জন্য পোস্টাল ব্যালট পেপার বিতরণ করা হবে। যা আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে।

পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিসার অথবা সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার পদের কোনো কর্মকর্তাকে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য গত রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নানকে দাফতরিকপত্র দিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী সচিব (ক্রয় ও মদ্রণ) সৈয়দ গোলাম রাশেদ।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, চট্টগ্রাম-৯ আসনের ইভিএম গ্রহণের জন্য গত ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে চিঠি প্রেরণ করা হয়। চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত মোট ১ হাজার ৮৪০টি ইভিএম গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা আদেশ দেন। আদেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এসব মেশিন গ্রহণের জন্য নিয়োগ দেয়া হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post