স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৭:৫৫ পিএম |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রস্তুত বলে জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
সারা দেশের মত চট্টগ্রাম অঞ্চলেও ১৪৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।
রবিবার (২৩ ডিসেম্বর) পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিজিবি। সারাদেশে মোট ১১শ’ ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু চট্টগ্রাম অঞ্চলে মোতায়েন করা হয়েছে ১৪৫ প্লাটুন বিজিবি। ১৮ ডিসেম্বর থেকে মাঠে রয়েছে বিজিবি, তবে কাজ শুরু করেছি ২০ ডিসেম্বর থেকে।’
তিনি বলেন, ‘প্রতি আসনে বিজিবির একটি করে ক্যাম্প করা হয়েছে। প্রত্যেক উপজেলায় ৪-৬ প্লাটুন ও শহর এলাকার প্রতি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।’
এর আগে, চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এবং চট্টগ্রামের পু্লিশ সুপার নুরেআলম মিনা সঙ্গে কথা বলেন। এসময় বিজিবি মহাপরিচালক নির্বাচনে দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের দিক নির্দেশনাও দেন।
এসময় উপস্থিত ছিলেন- বিজিবির দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আদিল চৌধুরী, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আরেফিন তালুকদার, ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মুনির হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
