বায়েজিদে গৃহবধূকে খুনের ঘটনায় স্বামী-ভাবী আটক

আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১০:১৩ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ১০:০৫ পিএম |

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় বিয়ের দুই মাসের মধ্যে এক গৃহবধূ হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত বিবি নিসার শিবলী (২০)। তিনি বায়েজিদ থানাধীন হাজী পাড়ার হাজী মো. রফিকের মেয়ে। তার স্বামী মো. আজগর নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পিলখানা এলাকার বাসিন্দা। আজগর মুরাদপুরে যন্ত্রাংশের ব্যবসা করে আসছিলেন।

এদিকে এ ঘটনায় নিহতের স্বামী ও ভাবীকে আটক করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, আজগরের সাথে শিবলীর বিয়ে হয়েছে গত অক্টোবরে। আজগর দাবি করছেন, সকালে বাথরুমে পড়ে গিয়ে তার স্ত্রী আহত হয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুই মাস আগে বিয়ে হয়েছে, এমন এক যুবতী বাথরুমে পড়ে মারা যাবে- এটা বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি গলায় দাগ আছে, মাথায় আঘাতের চিহ্ন আছে। সেটি আমাদের সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছে। নিহতের স্বামী ও ভাবীকে আমরা আটক করা হয়েছে।

এদিকে নিহত বিবি নিসার শিবলী স্বজনরা অভিযোগ করেছেন, আজগরের সাথে তার ভাবীর অনৈতিক সম্পর্ক রয়েছে। যার কারণে বিয়ের পর থেকেই শিবলীকে নির্যাতন করা হতো। শিবলীর বাবা বেঁচে নেই। ভাইও নেই। নির্যাতনের বিষয়টি জানলে কষ্ট পাবেন- সে চিন্তায় বয়স্ক মাকেও জানাতো না সে। তবে স্বজনদের কয়েকজনকে নির্যাতনের বিষয়টি জানালেও এর কারণ বলেনি সে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post