অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ১০:৩০ পিএম |
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রকাশ্যে টাকা বিতরণ করে নৌকা মার্কায় ভোট চাইছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন এলাকায় গিয়ে নিজেই নৌকা মার্কায় ভোট চেয়ে স্থানীয় ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন নৌকার এই প্রার্থী। তার এসব কর্মকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ভোটাররা বিব্রত বলে জানা গেছে।
এর আগে, আবার নির্বাচিত হলে সবাই মিলে টাকা ভাগ করে খাবো বলে ঘোষণা দিয়ে সমালোচনায় এসেছিলেন নৌকার এই প্রার্থী। তার নিজ বাড়িতে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এছাড়া নদভী প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই নির্লিপ্ত ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভোটার বলেছেন, টাকা দিয়ে ভোট কেনা নদভীর পুরোনো অভ্যাস। এখানে জামায়াতের প্রার্থীর জনপ্রিয়তার কাছে বরাবরই নৈতিকভাবে তিনি পরাজিত হয়েছেন। এখানে জোটের প্রার্থী কারাগারে থাকলেও স্বস্তি পাচ্ছেন না নদভী। তাই আবারো তিনি টাকার খেলায় মেতেছেন।
এ বিষয়ে জানতে ড. নদভীকে ফোন দেয়া হলে তিনি প্রচারণার কাজে ব্যস্ত বলে কথা শেষ হওয়ার আগেই কল কেটে দেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
