ধানের শীষের জোয়ার দেখে সরকার চক্রান্ত করছে: ফখরুল

আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১০:৩৫ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ১০:৩০ পিএম |

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ রাষ্ট্র জনগণের। সব অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠতে হবে। আমরা চেষ্টা করছি জনগণকে জাগিয়ে তুলতে। আমি বিশ্বাস করি এ লড়াইয়ে আমরা জয়ী হব। কারণ মানুষের কথা, তাদের চোখে যে বিশ্বাস দেখেছি, তাতে আমাদের বিজয় আসবে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যা করবেন, তা আগেই বলে দেন। প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন, সেটি আওয়ামী লীগের কাজ। আপনাদের সেই ক্ষমতা আছে, সেটা করবেন।

ব্যালট ছাপাবেন, আর সে কথা আগাম বলে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আমরা সব সময় মনে করেছি এ নির্বাচনের মাধ্যমে জাতি তাদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। একটি দিন তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষকে সেই অধিকার থেকেও বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, আমাদের ওপর এত নির্যাতনের পরও বলতে পারেন আমরা কীভাবে টিকে আছি? টিকে আছি শুধু মানুষের ভালোবাসায় ও সমর্থনে। যেখানে যাচ্ছি মানুষ ছুটে আসছে, মানুষের ভালোবাসার শক্তির ওপর টিকে আছি। তিনি আরো বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের শেষ নেই। এর মধ্যে কোথায় গিয়ে দাঁড়াব, জানি না। আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন কমিশনের কথা তো আগেই বলেছি। নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’। তাদের কোনো ক্ষমতা নেই। দুই দিন আগেও আমরা গিয়েছি, ইসি কোনো কথার উত্তর দেয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির নির্বাচনে অংশ নেয়ার আগে থেকেই এ নির্বাচন নিয়ে যে মতামত প্রকাশ করেছিল, এখন সব একে একে ফুটে উঠছে। যতই ধানের শীষের জোয়ার উঠছে, ততই সরকার নতুন নতুন চক্রান্ত করছে। বিএনপির অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। এ ক্ষেত্রে সরকার আদালতকে ‘ব্যবহার’ করছে। কিন্তু এরপরও আমরা দমে যাইনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post