অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা| ১৭ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ১০:৫৫ পিএম |
বিএনপি নির্বাচনে জেতার জন্য ইশতেহারে কতগুলো অলৌকিক স্বপ্ন তুলে ধরেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইশতেহারে যা তুলে ধরা হয়েছে তার কোনো বাস্তবতা নেই।
আজ (১৮ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিএনপির নির্বাচনি ইশতেহারকে এ বছরের সেরা কৌতুক হিসেবেও আখ্যায়িত করেছেন ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন। যদি তারা ক্ষমতায় আসে, সঙ্গে সঙ্গেই তা চুপসে যাবে। এসব প্রতিশ্রুতি রক্ষা করার কোনও বাস্তবতা নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘তারা নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলৌকিক স্বপ্ন তুলে ধরছে, যার কোনও বাস্তবতা নেই। ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে, এটা বছরের সেরা কৌতুক, ভূতের মুখে রাম নাম।’
তিনি আরও বলেন, ‘সিংহাসন একবার হারালে তা ফিরে পাওয়া এত সহজ না। তারা (কামাল সাহেবরা) নির্বাচনে থাকুন এটা মনেপ্রাণে চাই। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশি বন্ধুদের কাছে গিয়েছে।’ ওই রেস্তোরাঁয় এ সময় কুমিল্লার সংবাদকর্মীদের পাশাপাশি রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মত প্রকাশের স্বাধীনতাসহ ১৯ দফার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে বিএনপি। ‘এগিয়ে যাবো একসাথে, ভোট দেবো ধানের শীষে’- স্লোগানকে সামনে রেখে নির্বাচন উপলক্ষে দলটির ইশতেহার তৈরি করা হয়েছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
