চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-গ্রেপ্তারের অভিযোগ

আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ৯:০৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৮:৩০ পিএম |

চট্টগ্রামের ১৬টি আসনে ২০ দলীয় জোটের প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগকালে ক্ষমতাসীনদের হামলা, পুলিশের হয়রানি, গ্রেপ্তার, প্রার্থীদের ব্যানার-পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে চট্টগ্রামের বিএনপি।

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের কেওচিয়া ইউনিয়নে ২০ দলীয় জোটের শরীক দল এলডিপির প্রার্থীর অলি আহমদের পক্ষে গণসংযোগ করছিলেন। ওই সময় গণসংযোগকালে সন্ত্রাসীদের হামলায় অলির ছেলে ওমর ফারুকসহ দুইজন গুরুতর আহত হন। এঘটনায় ফারুকের বাম হাত কেটে গেছে। পরে আহত অবস্থায় তাকে চন্দনাইশ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়।

এর আগে, নির্বাচনের ঘোষিত প্রচার-প্রচারণার একদিন আগে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বাড়িতে নির্বাচনীয় সভা থেকে ২৫ বিএনপির নেতা-কর্মীকে অন্যায়ভাবে আটক করেছিল পুলিশ। গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম-৪ আসনে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের আবদুল্লাহ ঘাটা এলাকায় সকাল ১০ টায় পোস্টার-ব্যানার সাঁটানোর সময় ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে। এসময় ৭/৮ জন বিএনপির নেতা-কর্মীরা আহত হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-৯ আসনে মহানগর বিএনপি সহসভাপতি সবুক্তগীন সিদ্দিকীসহ দুইজনকে গণসংযোগকালে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে অঙ্গ সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post