চবিতে খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপনের হুশিয়ারী

আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ১০:২৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ০৯:৫০ পিএম |

ভর্তি বাণিজ্য, মাদক সেবনসহ নানা অপকর্ম ঢাকতেই ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নামফলক ভাঙচুর করেছে বলে দাবি করেছে চবি ছাত্রদল।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় চবি ছাত্রদলের সভাপতি খুরশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন।

বিবৃতিতে বলা হয়েছে- সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ একের পর এক নিজেদের অপকর্মের মাধ্যমে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার পাশাপাশি ছাত্র রাজনীতিকে কলুষিত করে যাচ্ছে। বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের ওপর হামলা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যাতে তারা জড়িত নয়। নিজেদের এসব অপকর্ম ঢাকার জন্যেই তারা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এ হীন কার্যে লিপ্ত হয়েছে। এসব অপকর্মের জবাব এই নৈরাজ্য সৃষ্টিকারীদের যথাসময়ে দেওয়া হবে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়াসহ উক্ত নামফলক যথাস্থানে পুনঃস্থাপন করার হুশিয়ারী করেন। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য চবি প্রশাসন দায়ী থাকবে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post