স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
কক্সবাজার | ০১ ডিসেম্বর ২০১৮, শনিবার ১১:৩৫ এএম |
কক্সবাজারের টেকনাফে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ হাবিব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবী, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি ওই এলাকার এলাকার বাসিন্দা।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহকে গতকাল আটক করা হয়। তারপর তাঁকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে যায় পুলিশ। সে সময় ওত পেতে থাকা হাবিবের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাবিবকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি দাবি করেন- এঘটনায় পুলিশের তিন সদস্য উপ-পরিদর্শক রাজু, কনস্টেবল জিয়া ও বাদশা আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা, দু’টি দেশীয় বন্দুক ও ১৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
